২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ অভিযোগই প্রমাণিত

গোলাম আযমের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় ব্যাপক মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, পাকিস্তানি সেনাদের সহযোগিতা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেয়ার পাঁচ ধরনের অভিযোগই প্রমাণিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 06:52 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

সোমবার এ মামলার ২৪৩ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসারের দ্বিতীয় অংশে বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, “অধীনস্তদের নেগেটিভ সিগন্যাল দিয়ে গোলাম আযম কার্যত হত্যায় অংশ নিয়েছেন। সুতরাং তিনি ক্রিমিন্যালি লায়্যাবল এবং দোষী”

মামলার আসামি গোলাম আযম রায় ঘোষণার সময় কাঠগড়াতেই উপস্থিত ছিলেন, যাকে একাত্তরের যুদ্ধাপরাধের পেছনের মূল ব্যক্তি হিসাবে অভিযুক্ত করা হয়েছে।  

একাত্তরের দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের চালানো হত্যাযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বর্বরতার সঙ্গে তুলনা করা হয় রায়ে।

জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের বিরুদ্ধে প্রথম অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ৪ এপ্রিল গোলাম আযম আরো কয়েকজনকে নিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক টিক্কা খানের সঙ্গে দেখা করে নাগরিক শান্তি কমিটি গঠনের ষড়যন্ত্র করেন।

তারই সূত্র ধরে ৬ এপ্রিল গোলাম আযম আবারও টিক্কা খানের সঙ্গে দেখা করেন এবং ওই ষড়যন্ত্রে অংশ নেন। এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ১৯ জুন রাওয়ারলপিণ্ডিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন গোলাম আযম। ১ ডিসেম্বর সেখানে আবারো ইয়াহিয়ার সঙ্গে দেখা করে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে দমনের জন্য রাজাকার বাহিনীর শক্তি বাড়ানোর পরামর্শ দেন তিনি।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ৪ এপ্রিল টিক্কা খানের সঙ্গে বৈঠকে সারা দেশে শান্তি কমিটি গঠনের পরিকল্পনার অংশ হিসেবে ৯ এপ্রিল গোলাম আযম ও অন্যরা ঢাকা ১৪০ সদস্যের নাগরিক শান্তি কমিটি গঠন করেন। এরপর ৪ মে রাজধানীর এলিফ্যান্ট রোডে এ কিউ এম শফিকুল ইসলামের বাসভবনে গোলাম আযম উপস্থিতিতে শান্তি কমিটির সভা হয়।

খাজা খয়েরউদ্দিনের সভাপতিত্বে ওই সভায় ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিয়নের শান্তি কমিটি গঠনের পরিকল্পনা করা হয়।

জনাকীর্ণ আদালতে বিচারপতি জাহাঙ্গীর হোসেন রায়ে বলেন, গোলাম আযম সেই সময় বিভিন্ন বৈঠকে অংশ নিয়ে ঝড়যন্ত্রে অংশ নেন, পরিকল্পনা করেন এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা দিতে আধা সামরিক বাহিনী গঠনে ভূমিকা রাখেন বলে প্রমাণিত হয়েছে।

এই জামায়াত নেতার বিরুদ্ধে তৃতীয় অভিযোগে মানবতাবিরোধী অপরাধের উস্কানি দেয়ার ২৮টি ঘটনার কথা বলা হয়েছে।

গোলাম আযম বিভিন্ন সময়ে পাকিস্তানি বাহিনীর কাছে রাজাকার বাহিনীর সম্প্রসারণ ও তাদের জন্য অস্ত্র চেয়ে বক্তব্য দেন যার মাধ্যমে তিনি অপরাধ সংঘটনের উস্কানি দেন বলে রায়ে উল্লেখ করেন বিচারক।  

চতুর্থ অভিযোগে মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা বা সম্পৃক্ততার ২৩টি ঘটনা তুলে ধরা হয় গোলাম আযমের বিরুদ্ধে।

এর মধ্যে একাত্তরের ৪ ও ৬ এপ্রিল টিক্কা খানের সঙ্গে দেখা করে সহযোগিতার আশ্বাস দেয়া, ৯ এপ্রিল তার সহযোগিতায় নাগরিক শান্তি কমিটি গঠনের বিষয়টিও রয়েছে। শান্তি কমিটির ২১ সদস্যের কার্যকরী কমিটিতে গোলাম আযম নিজেও সদস্য ছিলেন।

পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার এ অভিযোগও প্রসিকিউশনের তথ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে বলে বিচারক জানান। 

পঞ্চম অভিযোগে হত্যা ও নির্যাতনের একটি ঘটনার কথা উল্লেখ করেছে প্রসিকিউশন।

এতে বলা হয়, কুমিল্লার হোমনা থানার রামকৃষ্ণপুর গ্রামের সিরু মিয়া একাত্তরে ঢাকার মোহাম্মদপুর থানায় দারোগা (সাব-ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ২৮ মার্চ তিনি স্ত্রী আনোয়ারা বেগম ও ১৪ বছরের ছেলে আনোয়ার কামালকে নিয়ে কুমিল্লায় নিজের বাড়িতে যান। সেখানে শরণার্থীদের ভারতে যাতায়াতে সাহায্য করতেন সিরু মিয়া।

সিরু মিয়া ও তার ছেলেসহ ছয়জন ভারতে যাওয়ার সময় ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে কসবা থানার তন্তর চেকপোস্টের কাছে রাজাকারদের হাতে ধরা পড়েন। তাদের রাজাকার ক্যাম্পে নিয়ে কয়েক দিন নির্যাতনের পর ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়।

এদিকে, স্বামী-সন্তানের ধরা পড়ার খবর পেয়ে সিরু মিয়ার স্ত্রী গোলাম আযমের সঙ্গে যোগাযোগ করেন। সিরু মিয়ার ভগ্নিপতি ছিলেন গোলাম আযমের দুই ছেলে আজমী ও আমীনের শিক্ষক। তিনি গোলাম আযমের কাছে সিরু মিয়া ও তার ছেলেকে মুক্তি দিতে অনুরোধ জানান।

বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শান্তি কমিটির নেতা পেয়ারা মিয়াকে একটি চিঠি পাঠান গোলাম আযম, যাতে সিরু মিয়া ও তার ছেলেকে হত্যার নির্দেশ দেয়া হয়। চিঠি পাওয়ার পর ঈদের দিন রাতে রাজাকার ও আলবদরদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা সিরু মিয়াসহ ৩৯ জনকে কারাগার থেকে পৈরতলা রেল সেতুর কাছে নিয়ে যায়। সেখানে হানাদারদের গুলিতে ৩৮ জন নিহত হন।

রায়ের ভূমিকায় ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারক এ টি এম ফজলে কবীর বলেন, গোলাম আযমের মামলাটি একটি ব্যাতিক্রমী মামলা। অপরাধের সময় গোলাম আযম নিজে উপস্থিত না থাকলেও তাকে অভিযুক্ত করা হয়েছে একাত্তরের যুদ্ধাপরাধের পেছনের মূল ব্যক্তি ও নির্দেশদাতা হিসাবে।

বিচারপতি আনোয়ার-উল হক রায়ের পর্যবেক্ষণে বলেন, “একাত্তরে ম্যাসিভ জেনোসাইড হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্বেধর পর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ।

“এটাকে কেবল নাৎসি হত্যাকাণ্ডের সঙ্গেই তুলনা করা যায়।  আর সেই হত্যাযজ্ঞ চালায় পাকিস্তান ও তাদের এ দেশীয় দোসররা।”

পুরনো খবর:

ষড়যন্ত্র, উস্কানি, ও হত্যা-নির্যাতনের ৫ অভিযোগ