২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 06:24 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

গোলাম আযমের রায় ঘোষণার দিন জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল প্রতিরোধের ডাক দিয়ে মিছিল করেছে তারা। মিছিল থেকে গোলাম আযমের মৃত্যুদণ্ডের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

সোমবার বেলা পৌনে ১২ টার দিকে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের হরতাল প্রতিরোধের মিছিল শুরু হয়।

মিছিলটি রুপসী বাংলা হোটেল মোড়, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।

মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোলাম আযমের যুদ্ধাপরাধের রায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগেই অবস্থান করবো। রায়ের পরে এখান থেকেই প্রতিক্রিয়া জানানো হবে।”

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা। সোমবার সকালে সেখানে সমবেত হন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতাকর্মীরা।

সকাল থেকে গোলাম আযমের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ। বেলা ১১টার মধ্যেই সেখানে সমবেত হয় কয়েকশ’ মানুষ।

যুদ্ধাপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে অবস্থান নেয় তরুণরা। পরে তাদের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে।

গত ২১ ফেব্রুয়ারি টানা অবস্থানের সমাপ্তি ঘোষণা করা হলেও যে কোনো যুদ্ধাপরাধ মামলার রায়ের আগের দিন শাহবাগে অবস্থান করে আসছে গণজাগরণ মঞ্চ।

একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতেও ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে তারা।