কোটা বাতিলের দাবিতে শাবিতে ধর্মঘট
বিসিএসসহ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ধর্মঘট করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রোববার সকাল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন।
এই সময় তারা সরকারি কর্মকমিশন (পিএসসি) ও কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
ফাইল ফটো
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মঘটের কারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী কোনো বাস ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি।
কোনো বিভাগে ক্লাস বা পরীক্ষাও হচ্ছে না।
প্রক্টর হিমাদ্রী শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্মঘটের কারণে ছাত্রদের বাস চলাচল করতে পারছে না। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করেছি শিক্ষক কর্মকর্তাদের বাস যেন চলাচল করতে পারে।”
কর্মসূচির নামে কোনো ধরনের সহিংসতা যাতে না হয় শিক্ষার্থীদের সেদিকে লক্ষ রাখতে বলা হয়েছে বলেও তিনি জানান।
ধর্মঘটে অংশ নেয়া সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হক বলেন, ৫৫ শতাংশ কোটা দিয়ে মেধাকে ধ্বংস করা হচ্ছে। বিসিএসসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধাবীরা যোগ্যতা অর্জন করেও চান্স পায় না।
কোটা প্রথা চালু রেখে শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
