লালমনিরহাটে দুর্ঘটনায় নিহত ২
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাস ও অটোবাইকের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আহত হন তিনজন।
শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের নামুড়িবাজারে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়ার জাহানারা বেগম (৫০) ও উপজেলার বান্দেরকুড়া গ্রামের নাজনীন সুলতানা (৩২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল জানান, রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি আটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জাহানারা মারা যান। হাসপাতালে নেয়ার পর নাজনীনের মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
