২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে রাবি ছাত্রলীগের দুই পক্ষে মারামারি

কোন্দলের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে মারামারিতে এক নেতা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 04:15 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার প্রথম প্রহরে বঙ্গবন্ধু হলে এই মারামারি হয় বলে ছাত্ররা জানিয়েছে। মারামারির পর ওই হলে পুলিশ অবস্থান নিয়েছে।

আহত ছাত্রলীগ নেতা মারুফ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে কর্মীদের আচরণে বিরক্ত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সরকার সমর্থক সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু।

শনিবার মধ্যরাতে বঙ্গবন্ধু হল শাখার সহ-সভাপতি বেলাল হোসেন বিলের সঙ্গে দেখা করতে বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিনের নেতৃত্বে ছাত্রলীগের পরিকল্পনা বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম সম্পাদক সুদীপ্ত সালাম, আনন্দসহ ১০-১২ জন নেতা-কর্মী বঙ্গবন্ধু হলের ২০৩ নাম্বার কক্ষে যান।

মারমারির ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের উপ-সম্পাদক আতিকুর রহমান সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময় বিল ও পার্থ নামের আরেক ছাত্রলীগ নেতা ওই কক্ষ বন্ধ করে গল্প করছিল। মারুফ, আনন্দ রুম খোলার জন্য বিলকে বললে বিল রুম খুলেই চাইনিজ কুড়াল দিয়ে মারুফের হাতে আঘাত করে। মারুফকে বাঁচাতে আনন্দ এগিয়ে আসলে সেও আঘাতপ্রাপ্ত হয়।

তবে বেলাল দাবি করেন, তার ওপরই আগে হামলা হয়েছিল।

“কিছুদিন আগে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুদীপ্ত সালাম আমার ল্যাপটপ নিয়ে যায় আর দেয়নি। সেই ল্যাপটপের পাওনা টাকা শুক্রবার দেয়ার কথা ছিল, কিন্তু ওরা টাকা না দিয়ে আমার দরজায় ধাক্কা দেয়। আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে মারুফ আমাকে আঘাত করে। তখন পার্থ গিয়ে মারুফকে আঘাত করে।”

এই বিষয়ে সুদীপ্ত সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলাল একজন চিহ্নিত ছিনতাইকারী। গত বুধবার বঙ্গবন্ধু হলেরই ৩৩০ নাম্বার কক্ষের মামুন হোসেন নামের এক শিক্ষার্থীর তালা ভেঙে ল্যাপটপ ও মোবাইল ছিনতাই করে।”

মামুন সুদীপ্তদের কাছে নালিশ জানালে আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে বেলাল ওই ল্যাপটপ ফিরিয়ে দিতে রাজি হয় জানিয়ে সুদীপ্ত বলেন, ওই ল্যাপটপ আনতেই তারা গিয়ে হামলার মুখে পড়েন।

ল্যাপটপ চুরির একটি ঘটনা শুনেছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিখিত কোনো অভিযোগ কেউ আমার কাছে না দেয়ায় আমি কোনো পদক্ষেপ নিতে পারিনি।”

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বলেন, বঙ্গবন্ধু হলে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তৌহিদ আল তুহিন জানান, মারুফের বাম হাতের তিন জায়গায় জখম হয়েছে। তার অস্ত্রোপচার হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেতা-কর্মীদের কার্যক্রমে তারা অতিষ্ঠ। কেউ কমান্ড মানতে চাইছে না।

“এই কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

বর্তমান সরকার আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এতে একজন নিহতও হয়েছেন।