সিলেটে মেলায় পরিবেশকর্মীর উপর হামলা
সিলেট নগরীতে রথমেলায় বন্যপ্রাণী বেচাকেনা বন্ধ রাখতে বলায় পরিবেশকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার সন্ধ্যায় রিকাবী বাজারে মেলায় বন্যপ্রাণী বিক্রেতারা এ হামলা চালায় বলে আক্রান্তরা অভিযোগ করেন।
রথমেলায় ‘অবৈধভাবে’ বণ্যপ্রাণী বেচাকেনা বন্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল সিলেটের তিনটি পরিবেশবাদী সংগঠন।
এগুলো হল ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন’ (বাপা) সিলেট শাখা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘প্রাধিকার’।
গ্রিন এক্সপ্লোর সোসাইটি সভাপতি অনিমেষ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় এ তিন সংগঠনের কর্মীরা মেলায় অবাধে বন্যপ্রাণী বেচাকেনা বন্ধে পদক্ষেপ নিতে পুলিশকে অনুরোধ করেন।
কিন্তু ক্যাম্পের পুলিশ সদস্যরা কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেন তিনি।
অনিমেষ অরো জানান, “পুলিশের অসহযোগিতার কারণে বন্যপ্রাণী বিক্রেতাদের বেচাকেনা বন্ধ রাখতে বললে তারা লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালায়।”
পরে পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিকে ফোন করলে তিনি তিনজন পুলিশ পাঠান।
সিলেট মহানগর পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি জানান, “বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তিনবার যোগাযোগ করেছে, আমি পুলিশ পাঠিয়েছি। পুলিশ মেলা থেকে এক খাঁচা পাখি আকাশে মুক্ত করেছে।”
মেলা কমিটিকে অবৈধ বন্যপ্রণী বেচাকেনা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।
মেলার পুলিশ ক্যাম্পের সদস্যদের অসহযোগিতার বিষয়ে পুলিশ কমিশনার বলেন, প্রথমে পুলিশ বিষয়টি বুঝতে পারেনি। এখন পুলিশ সক্রিয় রয়েছে।
রথমেলা আয়োজক কমিটির সদস্য জন্টু রায় জানান, বন্যপ্রাণী বেচাকেনা যে ‘অবৈধ’ বিষয়টি আমাদের জানা ছিল না। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে আর মেলায় বন্যপাখি কেনাবেচা করতে দেওয়া হবে না।
