সড়ক ভবন বুঝে পেলো সুপ্রিম কোর্ট
দীর্ঘ টানাপড়েন শেষে একটি টিনশেড ভবন ছাড়া পুরো সড়ক ভবন বুঝে পেল সুপ্রিম কোর্ট।
আদালতের নির্দেশনা অনুযায়ী সড়ক ভবনের বিল্ডিং-এ বুঝিয়ে দেয়ার পর বৃহস্পতিবার বিষয়টি বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চকে জানায় সড়ক ভবন কর্তৃপক্ষ।
সড়ক ভবনের অবৈধ দখলে থাকা সুপ্রিম কোর্টের সম্পত্তি ফিরিয়ে না দেয়ায় আদালত অবমাননার একটি অভিযোগের প্রেক্ষিতে সড়ক ভবন কর্তৃপক্ষকে ওই নির্দেশনা দিয়েছিল উচ্চ আদালত।
অভিযোগকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়ক ভবন কর্তৃপক্ষ আদালতের আদেশ বাস্তবায়নের অগ্রগতি জমা দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, তারা এমআইএস ভবন ছাড়া বাকি ভবনগুলো সুপ্রিম কোর্টের কাছে হস্তান্তর করেছে।”
সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম সামসুল ইসলামও ভবন বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআইএস ভবন নামে পরিচিত টিনের চালের ওই একতলা ভবনে সড়ক ও জনপথ বিভাগের কেন্দ্রীয় সার্ভার রয়েছে।
২০১১ সালের গত ১০ মার্চ সড়ক ভবন ও শিশু একাডেমীর দখলে থাকা ৯ দশমিক ৪৬ দশমিক একরসহ ৫৫ একর জমি সুপ্রিম কোর্টের সম্পত্তি হিসাবে ঘোষণা করে হাইকোর্ট। ৯০ দিনের মধ্যে ওই সম্পত্তি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দিতে বলা হয়।
পরে এই রায়ের বিরুদ্ধে সড়ক ভবন ও শিশু একডেমী কর্তৃপক্ষ আপিল বিভাগে যায়। সেখানে বহাল থাকে হাই কোর্টের রায়।
ওই জমি বুঝিয়ে না দেয়ায় ২০১১ সালের ২৪ অক্টোবর রিটকারী পক্ষ সদক ভবন ও শিশু একাডেমী কর্তৃপক্ষকে উকিল নোটিস পাঠায়। এরপরও বুঝিয়ে না দেয়ায় তারা আদালত অবমাননার অভিযোগ আনে।
সড়ক ভবনের অবৈধ দখলে থাকা জমি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে দেওয়ার আদেশ যথাযথভাবে বাস্তবায়ন না করায় যোগাযোগ সচিবসহ তিনজনকে তলব করে হাই কোর্ট। এরপর বিভিন্ন ভবন ধীরে ধীরে হস্তান্তরের দিকে আগায় সড়ক ভবন কর্তৃপক্ষ। তবে ভবন-এ এবং কেন্দ্রীয় সার্ভার সম্বলিত ভবন এমআইএস ভবন বাকি থাকে।
এর মধ্যে গতমাসে হাই কোর্ট অন্য এক আদেশে ১১জুলাই পর্যন্ত সময় দেয়। আদালতের এই আদেশে সড়ক ভবনের সার্ভার ভবন ছাড়া বাকি জমি বুঝে পেলো সুপ্রিম কোর্ট।
