চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুই তরুণের মৃত্যু
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুই তরুণের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন- সাহেব আলী (১৮) ও রুবেল মিয়া (১৪)। তারা সম্পর্কে বেয়াই।
বৃহস্পতিবার ভোররাতে কর্নেলহাট এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুর রহমান বলেন, নিহত সাহেব আলীর মা কর্নেলহাট এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। রেলওয়ে বস্তিতে ভাড়া বাসায় থাকেন তিনি।
সাহেব আলী তার বেয়াই রুবেলকে নিয়ে বুধবার নোয়াখালী থেকে চট্টগ্রামে মার কাছে বেড়াতে এসেছিলেন। রাতের বেলা দুজনকে রেল লাইনে বসে গল্প করতে দেখা যায়।
সকালে তাদের ট্রেনে কাটা লাশ পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময়ে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
