নিজামীর মামলায় শ্যামলী নাসরিনের জেরা শেষ
মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীকে জেরা শেষ করেছে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আইনজীবীরা।
আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তাকে জেরা করেন।
এর আগে বুধবার নিজামীর বিরুদ্ধে প্রসিকিউশনের ত্রয়োদশ সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বক্তব্য তুলে ধরেন একাত্তরের শহীদ ডাক্তার আলীম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন।
জেরায় আসামিপক্ষের প্রশ্নের জবাবে শ্যামলী নাসরিন বলেন, ১৯৯১ সালে স্বামীর হত্যাকাণ্ড নিয়ে একটি বই লেখেন তিনি। তবে তৎকালীন শাসকগোষ্ঠীর ‘কাছের মানুষ’ হওয়ায় মতিউর রহমান নিজামীসহ অনেকের নাম সে সময় ওই বইয়ে লেখেননি তিনি। তাদের নাম থাকলে বইটি প্রকাশে বাধা আসতে পারে বলে আশঙ্কা ছিল তার।
পরবর্তীতে ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে বইটির দ্বিতীয় সংস্করণে কেন তা সংশোধন করা হলো না-এমন প্রশ্নের জবাবে শ্যামলী নাসরিন বলেন, ‘একাত্তরের শহীদ ডাক্তার আলীম চৌধুরী’ নামের ওই বইয়ের পরবর্তী সংস্করণে আগের লেখাগুলোতে কোনো সংযোজন বা বিয়োজন করা হয়নি, শুধু একটি নতুন প্রবন্ধ যোগ করা হয়েছিল।
জামায়াত আমির মতিউর রহমান নিজামীকে রোববার জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ছবিটি কারাগার ফটক থেকে তোলা। ছবি: রাশেদুজ্জামান/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ঢাকা, জুলাই ০৪, ২০১০
শ্যামলী নাসরিন নিজেও ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন এবং পরে সংগঠনটির সহ-সভাপতি হন বলে প্রশ্নোত্তরে জানান।
এ দিনের জেরায় শ্যামলী নাসরিনের লেখা বইটি থেকে বিভিন্ন অংশ উদ্ধৃত করে প্রশ্ন করা হলে প্রবল আপত্তি জানায় প্রসিকিউশন।
প্রসিকিউটর মোহম্মদ আলী ট্রাইব্যুনালে বলেন, এ বইটি প্রদর্শনী হিসেবে আদালতে দাখিল করা হয়নি। তাই ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এই বই সম্পর্কিত কোনো প্রশ্ন করতে পারে না আসামিপক্ষ।
এরপরেও ওই বই সংক্রান্ত প্রশ্নোত্তর প্রসিকিউশনের আপত্তিসহ গ্রহণ করা হয়।
জেরায় বলা হয় ওই বইয়ে শ্যামলী নাসরিন লিখেছেন, ‘১৯৭১ সালের ১৭ ডিসেম্বর মাওলানা মান্নানকে আমরা থানায় সোপর্দ করি।’ তবে আগের দিন মাওলানা মান্নানের সঙ্গে ১৫ ডিসেম্বরের পরে আর দেখা হয়নি বলে জেরায় জানান সাক্ষী।
এ বিষয়ে শ্যামলী নাসরিন বলেন, “আমরা বলতে এখানে আমার পক্ষের লোকজনদের বলা হয়েছে।”
আগের দিন সাক্ষ্যে তিনি জানান, ১৯৭১ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে মাওলানা মান্নান (দৈনিক ইনকিলাবের মালিক) নামে এক ব্যক্তি তাদের পুরানা পল্টনের বাড়িতে আশ্রয় নিতে আসে। প্রতিবেশী মতিন সাহেবের সুপারিশে দুই-তিনদিন থাকার জন্য মাওলানা মান্নান ও তার পরিবারকে আশ্রয় দেয়া হয়। পরে জানা যায় মাওলানা মান্নান আলবদরের একজন সংগঠক ছিলেন।
প্রশ্নোত্তরে শ্যামলী নাসরিন বলেন, স্বামীর মৃত্যুর ঘটনা নিয়ে বিটিভি, চ্যানেল আই, এটিএন বাংলাসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় আলবদরের হাইকমান্ড হিসেবে নিজামী, মুজাহিদ এবং কিলিং স্কোয়াডের নেতা হিসেবে মাঈনুদ্দীন, আশরাফের কথা বলেছেন।
“তবে তারা এসব দেখায় না, এডিটেড ভার্সন দেখায়।”
শহীদ জায়া বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বরের পরে আলীম চৌধুরীর হত্যার ঘটনায় একটি মামলা হয় বলে তিনি শুনেছেন। তবে ওই মামলায় মতিউর রহমান নিজামীকে আসামি করা হয়েছিল কি না তা তিনি জানেন না। পরে জানতে পারেন ওই মামলার সব আসামি খালাস পেয়ে যায়। কিন্তু মামলার বাদী না হওয়ায় ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়নি।
জেরা শেষ হওয়ার পর ২১ অগাস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রেখে ট্রাইব্যুনাল মুলতবি ঘোষণা করা হয়।
বুধবার সাক্ষ্যে শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর নির্দেশেই ১৯৭১ সালে চিকিৎসক আলীম চৌধুরীকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
নিজামীর বিরুদ্ধে গত বছরের ২৬ অগাস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে প্রসিকিউশনের ১২ জন সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
মুক্তিযুদ্ধকালে হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
