চীনের প্রস্তাব গ্রহণ সম্ভব না: মুহিত
পদ্মা সেতু নির্মাণে চীনের একটি প্রতিষ্ঠান ২৪০ কোটি ডলার বিনিয়োগের যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
চীনের ওই প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের দুই দিন পর তা নাকচ করলেন অর্থমন্ত্রী।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর দাতা সংস্থাটিকে ‘না’ করে দিয়ে নিজস্ব অর্থায়নেই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার। সম্প্রতি সেতুর মূল কাঠামো নির্মাণে আন্তর্জাতিক দরপত্রও ডাকা হয়েছে।
মুহিত বলেন, “চীনের প্রস্তাব বা এ ধরনের কোনো প্রস্তাব যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের আন্তর্জাতিক দরপত্র প্রত্যাহার করতে হবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমেই এ প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশের জন্য সবচেয়ে ভাল।”
মুহিতের মতে, কেবল কারিগরি কারণেই নয়, দুর্নীতির অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার ফলে ভবিষ্যতে নতুন বিতর্ক এড়াতেও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করা জরুরি।
বৃহস্পতিবার সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মিকোলাভ ও ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণের সঙ্গে এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু নির্মাণের জন্য রাশিয়াও একটি প্রস্তাব দিয়েছে। কিন্তু একই কারণে তাদের প্রস্তাবও গ্রহণ করা যাবে না।”
পদ্মা সেতুর নকশা
“চীনের প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হয়েছে। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।”
চীনের প্রস্তাব বিশ্ব ব্যাংকের চেয়ে খারাপ কিছু হবে না বলেও সে সময় মন্তব্য করেন যোগাযোগ মন্ত্রী।
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতু নির্মাণে ২০১১ সালে বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি হলেও পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি ঝুলে যায়।
দীর্ঘ টানাপড়েন শেষে চলতি বছর জানুয়ারিতে সরকার বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়। সে সময় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৯০ কোটি ডলার।
এ প্রকল্প বাস্তবায়নে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
