নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল
অবৈধভাবে ভর্তি হওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।
শিক্ষার্থীদের ২০১২-১৩ শিক্ষাবর্ষে অবৈধভাবে ভর্তিতে সহযোগীতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিবন্ধক আবদুর রহিমকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এছাড়াও অনিয়মের অভিযোগে ২ শিক্ষার্থীর মাইগ্রেশন বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় নিবন্ধকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. মমিনুল হক জানান, ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তদন্তের জন্য গত ১৮ জুন বিজ্ঞান অনুষদের ডিন আবুল হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সুপারিশের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
সাময়িকভাবে বরখাস্ত সহকারী নিবন্ধককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানান নিবন্ধক মমিনুল।
