২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচন চেয়ে উকিল নোটিস

ঢাকার দুই সিটি কর্পোরেশনে ৪৮ ঘণ্টার মধ্যে তফসিল ঘোষণা চেয়ে উকিল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2013, 11:09 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলমগীর হোসেন ও মো. গোলাম নবী বৃহস্পতিবার আলাদাভাবে দুটি সিটি কর্পোরেশনের জন্য স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে ডাকযোগে নোটিস পাঠান।

নোটিসে বলা হয়েছে, বেঁধে দেয়া সময়ের মধ্যে কোনো ব্যবস্থা নেয়া না হলে তারা হাই কোর্টে রিট করতে বাধ্য হবে।

এ বিষয়ে গোলাম নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সরকারের আইন সংশোধন করে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা হয়েছে। আইনে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা হলেও দীর্ঘ দিন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তার মানে প্রতি মুহূর্তেই এর মাধ্যমে আইনের লঙ্ঘন হচ্ছে।”

যত দ্রুত এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ততই আইন লঙ্ঘন কম হবে বলেও মন্তব্য করেন তিনি।

২০১১ সালের ৩০ নভেম্বর ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণে দুই ভাগ করা হয়। পরের বছরের মে মাসে তফসিল ঘোষণা করা হলেও আইনি জটিলতায় তা স্থগিত হয়ে যায়। চলতি বছরের মে মাসে নির্বাচনের ওপর স্থগিতাদেশ উঠে যায়। এরপরই তফসিল ঘোষণার উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। তবে দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি নতুন ওয়ার্ড যুক্ত হওয়ায় সীমানা জটিলতায় নির্বাচন আবারো ঝুলে যায়।

সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়েছে, সীমান নিয়ে জটিলতা নিরসণে তারা স্থানীয় সরকারের পরামর্শ চেয়েছেন। এ বিষয়ে নির্দেশনা পেলেও তফসিল ঘোষণা করা হবে।