নেত্রকোণায় হাজতির মৃত্যু
নেত্রকোণা জেলা কারাগারে অসুস্থ হওয়ার পর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে।
নিহত অজিত চন্দ্র দাস (৪২) দূর্গাপুর উপজেলার মজিদনগর গ্রামের বাসিন্দা। খুনের মামলায় গত ২৮ মার্চ থেকে তিনি জেলা কারাগারে ছিলেন।
নেত্রকোণা জেলা কারাগারের কারাধ্যক্ষ ফরিদুর রহমান রুবেল জানান, বুধবার গভীর রাতে অজিতের মৃত্যু হয়।
রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হলে প্রথমে তাকে কারাগারের অভ্যন্তরীণ হাসপাতালে এবং পরে সেখান থেকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল তালুকদার বলেন, হৃদরোগে আক্রান্ত অজিত চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে মারা যান।
বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে অজিতের লাশ হস্তান্তর করা হবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
