‘বিচার বিভাগে দুর্নীতি আছে, চলছে’
বিচার বিভাগে দুর্নীতি রয়েছে দাবি করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তবে এর সঙ্গে আইনজীবীরা জড়িত নয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রকাশিত ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার ২০১২’ বুধবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, টিআইবির প্রতিবেদনে বিচার বিভাগের দুর্নীতি সম্পর্কে বক্তব্য সুস্পষ্ট নয়। আইনজীবীরা বিচার বিভাগের অংশ হলেও তাদের দুর্নীতি করার কোন সুযোগ নেই। আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করছে।
“বিচার বিভাগ স্বাধীন বলা হলেও এখন পর্যন্ত আইন মন্ত্রণালয় বিচার বিভাগ (নিম্ন আদালত) নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে বিচার বিভাগ। নিম্ন আদালতের বিচারকদের যে কোন পোস্টিং, ট্রান্সফার, শৃঙ্খলাভঙ্গে ব্যবস্থা আইন মন্ত্রণালয়ই করে থাকে।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সম্পাদক বলেন, ঢাকা শহরে কেউ মন্ত্রণালয়ের ইচ্ছা ছাড়া আসতে পারে না। আইন মন্ত্রণালয় বিভিন্নভাবে বিচারকদের নিয়ন্ত্রণ করছে। এ কারণে বিচার বিভাগের দুর্নীতির উত্স ও বিস্তার আইন মন্ত্রণালয় থেকেই হচ্ছে।
বিচার বিভাগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
খোকন বলেন, সুপ্রিম কোর্টের কোন বিচারপতি, নিম্ন আদালতের কোন বিচারকের আর্থিক দুর্নীতির জন্য সকল বিচারককে দোষী করা ঠিক হবে না। আমরা মনে করি, টিআইবির বক্তব্য সঠিক, বিচার বিভাগে দুর্নীতি আছে, চলছে। এটা কিছু মাননীয় বিচারপতি, বিচারক ও প্রশাসনিক কর্মকর্তার মধ্যে সীমাবদ্ধ। তাদেরকে ব্যাক করছে আইন মন্ত্রণালয়।
কোন বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার সম্পত্তির হিসাব দেওয়ার বিধান করার দাবিও করেন বিএনপির এই যুগ্মসম্পাদক।
