২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নন-ক্যাডার পদে নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি

চাকরি প্রার্থীদের কোটা পদ্ধতি সংস্কারের দাবির মধ্যেই শুধু মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ‘বিশেষ বিজ্ঞপ্তি’ দিয়েছে সরকারি কর্ম কমিশন- পিএসসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. আলী নূর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নন-ক্যাডার পদে শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

“এর মধ্য দিয়ে শুধু মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় নিয়োগ দেয়া হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।” পিএসরি ওয়েবসাইটে নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ওই বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে দেখা যায়, ২৬টি ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় ২০৭ জনকে নিয়োগ দেয়া হবে। বর্তমানে দেশে পাঁচ শতাংশ কোটা রাখা হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য। প্রতিবন্ধী এক শতাংশ, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ও জেলা কোটা ১০ শতাংশ করে। সব মিলিয়ে কোটার জন্য বরাদ্দ ৫৬ শতাংশ। ফলে এর কোনো শ্রেণিতে যারা পড়েন না, তাদের প্রতিযোগিতা করতে হচ্ছে বাকি ৪৪ শতাংশের জন্য।