আন্দামান সাগরে আরো চার লাশ
থাইল্যান্ডের ফুকেট উপকূলে যেখানে বাংলাদেশি জাহাজ এমভি হোপ দুর্ঘটনায় পড়েছিল, সেখানে ভেসে উঠেছে আরো চারজনের লাশ।
থাই নৌ বাহিনীর নেভাল সিভিল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ক্যাপ্টেন থামাওয়াত মালাইসুকারিনকে উদ্ধৃত করে স্থানীয় ফুকেট গেজেট জানায় সোমবার তারা উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর একটি জেলে নৌকা দক্ষিণ ফুকেটের কোহ রক দ্বীপের কাছে লাইফ জ্যাকেট গায়ে চারটি লাশ সাগরে ভাসতে দেখে।
কেউ লাশগুলো উদ্ধার করলে নৌ বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন ক্যাপ্টেন থামাওয়াত মালাইসুকারিন।
চট্টগ্রামে জাহাজ মালিকদের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের মহিউদ্দিন আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগরে চারটি লাশ দেখা যাওয়ার খবর থাইল্যান্ড থেকে আমাদের জানানো হয়েছে। তবে তারা হোপের নাবিক কি না তা এখনো নিশ্চিত করা যায়নি।”
চার দিনেও এমভি হোপের নিখোঁজ ছয় নাবিকের সন্ধান না পেয়ে সোমবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে থাই রয়্যাল নেভি।
ওই জাহাজের ১৭ বাংলাদেশি নাবিকের মধ্যে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে নয়জনকে। তাদের মধ্যে পাঁচজন রোবাবর চট্টগ্রামে পৌঁছেছেন।
হোপের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন, ইলেকট্রিশিয়ান ছাদিম আলী, কেবি নাসির উদ্দিন, আলী হোসেন এবং প্রধান কুক নাসির উদ্দিনের কোনো খোঁজ পাননি উদ্ধারকর্মীরা।
ফুকেট গেজেট জানায়, সোমবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পরপরই হোপকে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়। বৃহস্পতিবার মালয়শিয়ার ল্যাংকাউই বন্দরে পৌঁছানোর পর সেটি মেরামত করা শুরু হবে।
