প্রথম কাজ যানজট মুক্ত করা: মান্নান
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম এ মান্নান বলেছেন, তার প্রথম কাজ হবে মহানগরীকে যানজটমুক্ত করা।
এছাড়াও মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে কাশিমপুর এলাকায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এ কথা বলেন।
সংবর্ধনাস্থলে পৌঁছলে কাশিমপুরবাসী নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক গাজীপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ প্রমুখ।
এদিকে সোমবার রাতে নগরীর রাণী বিলাসমনি উচ্চ বিদ্যালয় মাঠেও পেশাজীবীদের পক্ষ থেকে মেয়রকে শুভেচ্ছা জানানো হয়।
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আসাদুজ্জামান আকাশ।
