২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০১৩-২০১৪ অর্থ বছরের প্রায় চারশ’ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র সেলিনা হায়াত আইভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 07:39 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

মঙ্গলবার দুপুরে নগরভবনে এ বাজেট ঘোষণাকালে গণ্যমান্য বক্তি, বিভিন্ন স্তরের নাগরিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত এ বাজেট ঘোষণায় নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন মেয়র আইভী।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় দেখানো হয়েছে ৪০৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৯৯ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ৫৫০ টাকা।

বছর শেষে ঘোষিত বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে চার কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ৮২৬ টাকা।

বাজেট ঘোষণাকালে মেয়র আইভী বলেন, রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক বাতি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নসহ অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় নগরবাসীর স্বাস্থ্যসেবা বৃদ্ধির জন্য একটি মাতৃসদন ও তিনটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। জাইকা, বিএমডিএফ, এমজিএসপি, এডিপি প্রকল্প সহায়তার মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও পুনর্নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সিটি কর্পোরেশনের আয়বর্ধক প্রকল্প হিসেবে নিজস্ব ভূমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

মেয়র আইভী আরো বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং একটি আধুনিক শিক্ষাপল্লী গড়ে তোলার জন্য জমি ক্রয়ের উদ্যোগ নেয়া হয়ছে। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য বাজেটে সুযোগ করা হয়েছে। এছাড়া খেলাধুলার মানোন্নয়নে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার সামগ্রী বিতরণসহ মাঠ উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হবে। সোনাকান্দা হাট এলাকায় ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।