ছাদ থেকে পড়ে সরকারি কর্মকর্তার মৃত্যু
সিলেট নগরীতে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে বিস্ফোরক অধিদপ্তরের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শাহপরাণ থানার এসআই তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টায় উপশহরের ডি ব্লক এলাকার ৪ নং বাসার ছাদ থেকে পড়ে যান এস এম শাহাব উদ্দিন (৫০)। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহাব উদ্দিন বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক ছিলেন। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রয়াত আউয়াল উদ্দিনের ছেলে। তারা পরিবারের সদস্যরা ঢাকার নন্দীপাড়ায় বসবাস করেন।
বাসার গৃহকর্মীর বরাত দিয়ে এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে চারতলা বাসার ছাদে ব্যয়াম করছিলেন শাহাব উদ্দিন। এ অবস্থায় হঠাৎ তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।
পুলিশ জানিয়েছে, শাহাব উদ্দিন আরো তিনজনের সঙ্গে ওই ভবনের মেসে থাকতেন। বিষ্ফোরক অধিদপ্তরের কার্যালয়টিও একই ভবনের নিচ তলায়।
লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে উল্লেখ করে এসআই জানিয়েছেন, নিহতের স্বজনরা ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন। তারা পৌঁছলে লাশ হস্তান্তর করা হবে।
