সীমানা জটিলতা মিটলেই ডিসিসি নির্বাচন: ইসি
নির্বাচন অনুষ্ঠানে ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) সীমানা সংক্রান্ত জটিলতা নিরসণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের নির্দেশনা পেলেই ঘোষণা করা হবে তফসিল।
সোমবার নির্বাচন কমিশনার এম শাহনেওয়াজ এ কথা জানিয়েছেন।
এর আগে রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজি রকিবউদ্দিন আহমেদ বলেছিলেন, ঈদের পরই ডিসিসি নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন,“সিএস দাগের ভিত্তিতে আমরা বেশ আগেই সুলতাগঞ্জ ইউনিয়নের তিনটি ওয়ার্ডের সীমানা সংক্রান্ত তথ্য চেয়েছিলাম। তারা আমাদের কিছু তথ্য দিয়েছে। তবে যে তথ্য তারা দিয়েছেন তাতে আমরা ওই তিনটি ওয়ার্ডের সবগুলো পাড়া-মহল্লার সীমানা মেলাতে পারছিলাম না। তাই মন্ত্রণালয় বরাবর আবারো চিঠি পাঠানো হয়েছে।”
ডিসিসি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলেও জানান তিনি।
দুই সিটি কর্পোরেশনের নির্বাচন একই সাথে হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে শাহনেওয়াজ বলেন, “যদি ঈদের আগেই দক্ষিণ অংশের কাজ শেষ হয়, তাহলে একসাথেই দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি তা না হয় তা হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।”
