উখিয়ায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা
উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক চৌধুরীর বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে মাইক্রোবাস যোগে এসে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে চলে যায় বলে জানান চেয়ারম্যানের ছেলে ও বেসরকারি টিভি চ্যানেল ২৪ এর কক্সবাজার জেলা প্রতিনিধির ইমরুল কায়েস।
হামলায় ঘরের দরজা জানালা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি হামলার ঘটনা জানতে পেরেছেন, আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন।
কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলাকারীরা বাড়ির দরজা-জানালা ভেঙ্গে ভেতরে ঢুকার চেষ্টা করে। কয়েকজনকে তিনি চিনতেও পেরেছেন।
তিনি আরো জানান, তার পিতার সঙ্গে চাচা হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিনের বিরোধের জের ধরে এই হামলা হতে পারে। এ ব্যাপারে আগেই উখিয়া থানা ও কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
হামলার পর বিকালে তিনি বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছেন।
