২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার সিটি নির্বাচন বাতিলের রিট ‘খারিজ’

চার সিটি কর্পোরেশন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে  দায়ের  করা রিট ‘খারিজ’ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 02:14 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন রিট খারিজ করে দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে নির্বাচনের দিন গত ১৫ জুন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেনদটি করেন আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ। এতে ‘নির্দলীয় ব্যানারে দলীয় নির্বাচন অনুষ্ঠান’কে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল চাওয়া হয়।

পাশাপাশি প্রার্থীরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়ায় নির্বাচনকে কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, সে বিষয়েও আদালতের আদেশ চেয়েছিলেন এই আইনজীবী।

রুল বিবেচনাধীন থাকা অবস্থায় এই চার নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশে স্থগিতাদেশও চাওয়া হয়েছিল রিটে।

প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, চার সিটি কর্পোরেশন, প্রধান দুই দল সমর্থিত আট মেয়র প্রার্থীকে এই আবেদনে বিবাদী করা হয়েছে।

রিট দায়েরের পর ইউনুস আলী সাংবাদিকদের বলেন, “আইনে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও কার্যত বড় দুই দল দলীয়ভাবেই নির্বাচন করছে। কিছু প্রার্থী এভাবে বড় দলের ম্যাকানিজমকে ব্যবহার করায় মানসিক চাপে পড়ে অন্য প্রার্থীরা।”

“এর ফলে অনেক যোগ্যতাসম্পন্ন ব্যক্তি প্রার্থী হন না। আবার অনেকে প্রার্থী প্রতিযোগিতায় এসেও প্রত্যক্ষ-পরোক্ষ চাপে সরে দাঁড়ান।”

শুনানিতে বিশ্বজিৎ রায় বলেন, এই নির্বাচন ও ফল প্রকাশের পর রিটটি অকার্যকর হয়ে গেছে। তা ছাড়া বিষয়বস্তুগত কারণে রিটটি চলতে পারে না।

এরপর আদালত রিট আবেদনটি খারিজ করতে চাইলে আবেদন ফেরত চান ইউনুস। এক পর্যায়ে আদালত ‘রিটটি উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেয়।

ইউনুস আলী গাজীপুর সিটি নিয়েও একটি রিট করেছেন, যাতে শেখ হাসিনা, খালেদা জিয়া এবং এরশাদকেও বিবাদী করা হয়েছে।