২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ না দেয়ায় শিক্ষিকা লাঞ্ছিত

ঘুষ দিতে অস্বীকার করায় কুমিল্লার হোমনা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার বেগম লাঞ্ছিত হন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

প্রধান শিক্ষিকা কামরুন নাহার বেগম সাংবাদিকদের জানান, বিদ্যালয়ের শিশু শ্রেণির উপকরণের পাঁচ হাজার টাকার একটি চেক উঠানোর জন্য তিনি দুপুরে শিক্ষা অফিসে যান। তখন অফিস সহকারী দীপাঞ্জয় ও উচ্চমান সহকারী আবু তাহের তার কাছে পাঁচশ’ টাকা ঘুষ দাবি করেন।

ঘুষ দিতে অস্বীকার করলে তারা অশোভন আচরণ করেন এবং একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ করেন কামরুন নাহার।

ইউএনও মোহাম্মদ হেলাল হোসেন জানান, ঘটনার পর পরই ওই দুজন পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যায়নি। ঘটনাটি তদন্তে সহকারী কমিশনার (ভূমি)কে দায়িত্ব দেয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও।