মাগুরায় হামলায় নিহত ১
মাগুরার মহম্মদপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার বিকালে সংঘর্ষ চলাকালে কানুটিয়া গ্রামের কওসার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম আহত হন।
সোমবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, আহত জাহাঙ্গীরকে ফরিদপুর পাঠানো হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
তবে এ ব্যাপারে এখনো কেউ মামলা করেনি বলে তিনি জানান।
স্থানীয় মিজানুর রহমান জানান, রোববার বিকালে কানুটিয়া নতুনপাড়া মাঠে স্থানীয় দুটি দলের মধ্যে ফুটবল খেলা চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাদত হোসেন ও রাজ্জাক ফকিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় রাজ্জাক ফকিরের লোকজন শাহাদত হোসেনের সমর্থক জাহাঙ্গীর আলমকে কুপিয়ে জখম করে।
তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
