২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদের শপথ নিলেন রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 07:42 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সোমবার জাতীয় সংসদ ভবনে নিজের অফিস কক্ষে নবনির্বাচিত এ সংসদ সদস্যকে শপথ পড়ান।

সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের এ আসনটি শূণ্য হয়।

গত ৩ জুলাই উপ-নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন হামিদপুত্র রেজওয়ান।

নির্বাচনে তিনি পান ৯৯ হাজারের বেশি ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম পান ৬০ হাজার ভোট।

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আব্দুল হাই, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য মো. মুজিবুল হক, মো. আফজাল হোসেন, এনামুল হক , মাহাবুব আরা বেগম গিনি ও জাহানারা বেগম এবং নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সচিব মো. মাহ্ফুজুর রহমান।