গোপালগঞ্জে ‘মাদক ব্যবসায়ী’ খুন
‘মাদক ব্যবসায়ে বিরোধের জেরে’ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক মাদক ব্যবসায়ী খুন হয়েছে। এছাড়া ওই ব্যক্তির এক বন্ধুকে কুপিয়ে আহত করা হয়।
সোমবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের তারাইল থেকে গাফফারের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।
একই স্থান থেকে আহত অবস্থায় গাফফারের বন্ধু মনির মল্লিককে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গাফফার মাদক ব্যবসায়ী ছিলেন বলে তার বন্ধু মনির ও পুলিশ জানিয়েছে।
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমারত হোসেন বলেন, নিহতের মাথা, হাত ও পিঠে গুলি এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।
“এ বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্তের পরেই ঘটনা সম্পর্কে জানা যাবে,” বলেন তিনি।
চিকিৎসাধীন মনির মল্লিক বলেন, খুলনার মাদক ব্যবসায়ী মামুনের মাদকের চালান বিভিন্ন জায়গায় পৌঁছে দিত গাফফার।
“রোববার বিকালে মামুনের কাছ থেকে পাওনা টাকা আনতে গিয়ে কথা কাটাকটি হয়। আমাদেরকে ফকিরহাটে নামানোর কথা থাকলেও মামুন রাত ১১টার দিকে তারাইলে নামিয়ে গাফফারকে কুপিয়ে এবং গুলি করে মেরে ফেলে,” বলেন মনির।
এ সময় ধারালো অস্ত্রের কয়েকটি কোপ খেয়ে তিনি ছুটে পাটক্ষেতে পালিয়ে যান বলে জানিয়েছেন।
