২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুবি শিক্ষার্থীদের অনশন, আটজন অসুস্থ

পরীক্ষা গ্রহণের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলের অনশনরত শিক্ষার্থীদের আটজন অসুস্থ হয়ে পড়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 06:11 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা মোশারেফ হোসেন জানান, চতুর্থ বর্ষের ছাত্র আসাফুর রহমান, দ্বিতীয় বর্ষের রবিউল ইসলাম, তৃতীয় বর্ষের মির্জা ওমর ফারুক মুনীর ও অভিজিৎকে সোমবার সকাল থেকে স্যালাইন দেয়া হচ্ছে।

পরে  চতুর্থ বর্ষের অনিরুদ্ধ দাস, প্রথম বর্ষের শামিম হোসেন ও দ্বিতীয় বর্ষের আবু সাইদ ও তৃতীয় বর্ষের কামাল হোসেন অসুস্থ হয়ে পড়ে।

বমি ও রক্তচাপ কমে যাওয়ায় তারা দুর্বল হয়ে পড়েছেন। তাদেরকে স্যালাইন দেয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাদেরকে মুখেও ওষুধ খাওয়ানো প্রয়োজন। কিন্তু অনশনরতরা ওষুধ খেতে চাচ্ছেন না।

টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণের দাবিতে রোববার দুপুর ২টা থেকে জীববিজ্ঞান স্কুলের সাতটি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন।

ড. সমীর কুমার সাধুকে ডিন নিয়োগ দেয়ার বিরোধিতা করে একাডেমিক ও প্রশাসনিক কাজে অসহযোগিতা করে আসছে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের শিক্ষকদের একটি অংশ।

বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি রিটও করেছেন ওই শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, গত ২৩ জুন পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু শিক্ষকদের একাংশের অসহযোগিতার কারণে পরীক্ষা শুরু সম্ভব হয়নি।

বিষয়টি যেহেতু বিচারাধীন, রায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের একাডেমিক ও প্রশাসনিক কাজে অংশ নেয়ার আহ্বানও জানান তিনি।