খালেদাকে অভিনন্দনের জবাব নওয়াজ শরিফের
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অভিনন্দনের জবাব দিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ফিরতিপত্র লিখেছেন।
দেশটির হাই কমিশনার আফ্রাসিয়াব মেহেদি হাশমি কোরেশী রোববার রাতে খালেদার গুলশানের কার্যালয়ে দেখা করে চিঠিটি হস্তান্তর করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সাক্ষাতকালে পাকিস্তানে গণতান্ত্রিক ধারাবাহিকতা চলমান থাকায় সন্তোষ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা।
দ্বি-পক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলেও খালেদা জিয়া আশা প্রকাশ করেন।
হাই কমিশনারের স্ত্রীও সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
শমসের মবিন চৌধুরী ছাড়াও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
