চট্টগ্রামে জনশক্তি কার্যালয়ে বিক্ষোভ, পরে শান্ত
ইন্টারনেটে বিঘ্ন ঘটায় চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করতে না পারা বিদেশ গমনেচ্ছুরা বিক্ষোভ করেছেন।
রোববার সকালে এই বিক্ষোভের ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার জানান, গত পাঁচদিন ধরে ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন থাকায় মাঝে মাঝে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছিল।
সর্বশেষ শনিবার রাজধানীর শান্তিনগর এলাকায় একটি সরকারি সংস্থা রাস্তা খোঁড়ার সময় ক্যাবল লাইন কাটা পড়ে।
এ কারণে নিবন্ধন করতে আসা বিদেশ গমনেচ্ছুরা নিবন্ধন করাতে না পেরে বিক্ষোভ শুরু করেন।
রোববার বিকাল ৫টা থেকে সংযোগ পুণরায় সচল হয়েছে বলে জানিয়ে জহিরুল বলেন, “এরপর থেকে নিবন্ধন এবং হাতের ছাপ নেয়া চলছে। রাত বারটা পর্যন্ত এ কাজ চলবে বলেও জানান তিনি।
গত তিন বছর ধরে জনশক্তি রপ্তানিতে শীর্ষে চট্টগ্রাম জেলার অবস্থান। চট্টগ্রাম থেকে কাজ নিয়ে বিদেশ গমনেচ্ছুদের হাতের ছাপ ও নিবন্ধন এই কেন্দ্রে করা হয়।
