নেত্রকোনায় মুক্তা হত্যা মামলায় আরো সাক্ষ্য
নেত্রকোনার শহীদ বদিউজ্জামান মুক্তা হত্যা মামলায় রোববার আরো ২ জন সাক্ষী দিয়েছেন।
রোববার সার্কিট হাউজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রতিনিধিদের সামনে সাক্ষীরা তাদের বক্তব্য তুলে ধরেন। এর আগে শুক্রবার ১২ জন ও শনিবার ৮ জন এ মামলায় সাক্ষ্য দেন।
এছাড়া দুপুরের পর তদন্ত দলের সদস্যরা মামলার সংশ্লিষ্ট ঘটনাস্থল লক্ষীগঞ্জ ব্রিজ বধ্যভূমি, মোক্তারপাড়া ব্রিজ, সাতপাই নদীর পাড় ও ত্রিমোহনী ব্রিজ বধ্যভূমি, শহরের মসজিদ কোয়াটার এলাকার টর্চার সেল, সাতপাই ভোকেশনাল ইনস্টিটিউটের পাক সেনা ক্যাম্প ও বিরামপুর বাজার পরিদর্শন করেন।
কর্মকর্তারা এসব স্থানের আলোকচিত্র এবং স্ক্যাচ ম্যাপ সংগ্রহ করা হয়েছে জানান মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির।
এ সময় তদন্ত দলের অপর দুই সদস্য হরি দেবনাথ ও আতাউর রহমান উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, মুক্তিযুদ্ধ চলাকালে ২৮ কার্তিক সকাল ১১টার দিকে সদর উপজেলার নরেন্দ্র নগর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তাকে বিরামপুর বাজার থেকে ধরে নিয়ে যায় রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর লোকজন।
পরদিন ভোরে মুক্তাকে জেলা শহরের মোক্তারপাড়া সেতুতে গুলি করে হত্যার পর লাশ মগড়া নদীতে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে।।
এ ঘটনায় ২০১০ সালের ১২ অগাস্ট নেত্রকোনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১ এ হত্যা মামলা করেন মুক্তার ভাতিজা আলী রেজা কাঞ্চন। আদালত মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠায়।
মামলার আসামিরা হচ্ছেন: মোক্তারপাড়ার মো. ওবায়দুল হক তাহের (৬০), আতাউর রহমান ননী (৫৯), শহীদ উল্লাহ পিন্টু (৬২), শহীদুর রহমান মাজু (৫৮), মো. ফজলুর রহমান (৬৮), মো. ইউসুফ (৬১), মিষ্টার মিয়া (৫৮), মো. সানিক মিয়া (৫৮), আব্দুর রশিদ (৬০), ফরিদ আহম্মদ, কুড়পাড় এলাকার মো. হাফিজ উদ্দিন মীর (৮০) ও মেদনী গ্রামের মো. আব্দুল ওয়াহাব খান রুনো।
এদের মধ্যে শহীদুর রহমান মাজু ও মো. ইউসুফ মামলা দায়েরের পর মারা গেছেন।
