শাহবাগে ‘প্রতিবাদী জনতার’ সমাবেশ
যুদ্ধাপারাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা শাহবাগের প্রজন্ম চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ‘সর্বস্তরের প্রতিবাদী জনতা’ নামে একটি সংগঠন।
পাঁচটি দাবিতে রোববার বিকেলে এ কর্মসূচি পালনের কথা রয়েছে তাদের।
সংগঠনের মুখপাত্র শামীম আরা নিপা এক বিজ্ঞপ্তিতে জানান, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘন্টা প্রজন্ম চত্ত্বরে বিক্ষোভ মিছিল করবেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৫ জুলাই বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত শাহবাগ যাদুঘরের সামনে এক গণ অবস্থানের মাধ্যমে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এ কর্সসূচি ঠিক করা হয়।”
সংগঠনটির অন্য দাবিগুলো হলো- কাদের মোল্লার আপিল শুনানি নিয়ে টালবাহানা বন্ধ ও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত , অতি দ্রুত গোলাম আযমের রায় ঘোষণা, জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ , গত ৬ মে গণজাগরণ মঞ্চ ভেঙে দেয়ার জবাবদিহিতাসহ মঞ্চের ৬ দফা দাবি বাস্তবায়ন করা।
