২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণ আস্থা হারালে যে কোনো দুর্গই ভাঙবে’

আওয়ামী লীগের দ্বিতীয় দুর্গ হিসাবে পরিচিতি পাওয়া গাজীপুরে ক্ষমতাসীন দল সমর্থিত মেয়র প্রার্থীর পরাজয়ের পর দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, জনগণ আস্থা হারিয়ে ফেললে যে কোনো দুর্গই ভেঙে ফেলতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 08:33 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

Image
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানান যোগাযোগ মন্ত্রী কাদের।

গাজীপুরে বিগত জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ একচেটিয়া জয় পেলেও এবার কেন ভিন্ন ফল হলো জানতে চাইলে মন্ত্রী বলেন, “জনগণের কাছে দুর্ভেদ্য দুর্গ বলে কিছু নেই। জনগণ যে কোন দুর্গই ভেঙে দিতে পারে, যদি তারা আস্থা হারায়।”

“গাজীপুর নির্বাচনে জনগণ আমাদের ভোট দেয়নি, তাই হেরে গেছি, এটাই বলতে চেয়েছি’, ব্যাখ্যা করেন কাদের।

শনিবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানকে ১ লাখের বেশি ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত এম এ মান্নান।

টেলিভিশন প্রতীকে মান্নান পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৪৪০ ভোট। দোয়াত-কলম প্রতীকে আজমত পেয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৮৬৭ ভোট।

যোগাযোগমন্ত্রী মেয়র ও কাউন্সিলর পদের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।

গাজীপুরের এই ফল আগামী নির্বাচনে কী প্রভাব ফেলবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এটি ছিল স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন আলাদা বিষয়। তবে পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধনের কাজে লাগাতে চাই।”

এর আগে গত মাসে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পর কাদের বলেছিলেন, ওই ফল সরকারের জন্য একটি 'সতর্ক বার্তা'। সে সময়ও ভুল থেকে শিক্ষা নেয়ার কথা বলেছিলেন এই আওয়ামী লীগ নেতা।

গাজীপুরের হারের পর রোববার তিনি বলেন, “গত চার মাসের তুলনায় আগামী ৪ মাসে ভিন্ন চিত্র থাকবে। আগামী নির্বাচন পযন্ত মাতাল হাওয়া বইতে থাকবে। এ হাওয়া কোন দিকে যাবে তা বলা যাবে না।”

পরপর পাঁচটি নির্বাচনে হারের পর আওয়ামী লীগ কী শিক্ষা বা কৌশল নেবে জানতে চাইলে কাদের বলেন, “আমরা কীভাবে শিক্ষা নেব তা আমাদের উপর ছেড়ে দিন।”

আগামী নির্বাচনের আগে জনগণকে ‘খুশি’ করতে যা করা প্রয়োজন তার সবই করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

“জনগণ কি কারণে ভোট দেয়নি তা অনুসন্ধান করে বিশ্লেষণ করে আগামী সময়ে সংশোধন করা হবে। যে ভুল ছিল তার সংশোধন করা হবে।”

জুনে চার সিটিতে ভরাডুবির পর জাতীয় নির্বাচনের আগে গাজীপুরের নির্বাচনকে ক্ষমতাসীনদের জন্য ‘শেষ পরীক্ষা’ হিসেবে দেখছিলেন রাজনীতি বিশ্লেষকরা। এ কারণে বড় দুই দলই এ নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে।

আওয়ামী লীগ এ নির্বাচনে ১৯৯৫ সাল থেকে টঙ্গী পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা আজমতকে সমর্থন দিলেও সাবেক সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমও মেয়র পদে প্রার্থী হন। পরে দলের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ক্ষমতাসীনদের এই বিভাজন শেষ পর্যন্ত বিরোধী দল সমর্থকদের পক্ষে যায় বলে বিশ্লেষকদের ধারণা।

গাজীপুরে প্রার্থী বাছাইয়ে ভুল ছিল কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “ভুল ছিল কিনা তা পার্টিতে তদন্ত হবে। আমরা ভুল সংশোধন করার প্রক্রিয়ায় আছি।”

গত দুই যুগের রাজনৈতিক ইতিহাস থেকে উদাহরণ টেনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “১৯৯০ এর গণআন্দোলনের পর থেকে ক্ষমতার রাজনীতির বারবার পালাবদলে অভিন্ন দৃশ্যপট লক্ষ্য করা যায়। ক্ষমতাসীন দলের প্রতি ক্ষুব্ধ হয়ে বঞ্চিত জনগণ বারবার নেগেটিভ ভোট দিয়েছে।”

এই ভোট ‘পজিটিভ’ করার ব্যাপারে সবাইকে ভাবতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, “নেগেটিভ ভোট গণতন্ত্রের দূর্বলতা। একজনের প্রতি ক্ষুব্ধ হয়ে আরেকজনকে ভোট দেয়া হলো নেগেটিভ। একে পজিটিভের দিকে নিয়ে যেতে হবে।”