কৃতিত্বপূর্ণ ফলের জন্য স্বর্ণপদক পেলেন ঢাবির ৫ শিক্ষার্থী
বিভিন্ন শিক্ষাবর্ষে বিএস (সম্মান) ও এমএস পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়েছে।
শনিবার বিশ্বদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মিলনায়তনে ওই বিভাগের পাঁচ শিক্ষার্থীকে এ পুরস্কার দেয়া হয়।
২০১০ ও ২০১১ সালের বিএস সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় নাদিয়া নূর ও ইউসা নাফিকে ‘জেবুন্নেসা-আলতাফ স্মৃতি স্বর্ণপদক’ দেয়া হয়।
আর ২০০৮ সালের এমএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় সজল রায়কে ‘ড. এম ও গণি স্মৃতি স্বর্ণপদক’, ২০০৯ সালের এমএস পরীক্ষায় প্রথম হওয়ায় আজিজুল হাকিমকে ‘শামসুল আরেফিন চৌধুরী স্বর্ণপদক’ এবং ২০১০ সালের এমএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় ইবরাত শরীফকে ‘নাসিরা খান স্বর্ণপদক’ দেয়া হয়।
এছাড়া বিভাগীয় বিভিন্ন বর্ষের সম্মান শ্রেণির পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য চারজনকে বিভাগীয় বৃত্তি এবং ১১ জনকে স্টাইপেন্ড দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তি ও স্টাইপেন্ডের অর্থ তুলে দেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. দিদার-উল-আলম, অধ্যাপক এস এম ইমামুল হক, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং স্বর্ণপদক ও বৃত্তির স্পন্সর ও ট্রাস্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
