২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় ভোট গ্রহণ শেষ

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 11:43 AM

Updated : 13 Oct 2022, 02:53 PM

সহকারী রিটার্নিং অফিসার মো. জালাল উদ্দিন জানান, বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপর গণনা শুরু হয়।

তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগে আড়াইহাজারে দুই কাউন্সিলর পদপ্রার্থী ও প্রার্থীর ছেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া গোপালদী পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার সময় এক জামায়াত নেতাকে আটক করে পুলিশ।

জেলা নির্বাচন অফিসার মো. তারিফুজ্জামান জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

আড়াইহাজার পৌরসভা

আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে ১১ জন প্রার্থী থাকলেও ভোট গ্রহণের আগের দিন দুই প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাড়ানোয় ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ কাউন্সিলর ৪৯ জন হলেও ৭নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাতেম আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রতিন্দ্বন্দ্বিতা করেন।

সহকারী রিটার্নিং অফিসার মো. জালালউদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আড়াইহাজার পৌরসভার মুকুন্দী গাজীপুরা ভোটকেন্দ্রে বালতি প্রতীক কাউন্সিলরের পক্ষে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে লাল মিয়া নামের এক ব্যক্তিকে আটকের পর ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালদী পৌরসভা

দুপুর দুইটার দিকে গোপালদীর পাঠানের কান্দি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম রফিক সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী আবুল বাশার কাসু সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে র‌্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।