ভোটকেন্দ্রেও প্রচারে নারীরা
আচরণবিধি লঙ্ঘন করে ভোটের দিনেও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্রগুলোতে ‘লিফলেট’ হাতে প্রচারণা চালিয়েছেন নারীকর্মীরা।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিধি অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে সবধরনের প্রচারণা নিষিদ্ধ।
কিন্তু সে নিষেধাজ্ঞা কার্যত উপেক্ষাই করেছেন নারী কর্মীরা; তারা নারী-পুরুষ সব ভোটারদের কাছেই কেন্দ্রে কেন্দ্রে ভোট চেয়েছেন।
ভোটকেন্দ্রগুলো সরজমিনে ঘুরতে ঘুরতে দেখা যায়, কাউন্সিলর প্রার্থী ভাইয়ের পক্ষে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লিফলেট বিতরণ করছেন গৃহিনী শিউলি আক্তার।
প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণার নামা শিউলি বলেন, “এতোদিন ভোট দিছি। ভোটের পর নেতারা আর খোঁজখবর রাখে না। কিন্তু আমার ভাই সেরকম না। সে জনগণের কাজে যে অঙ্গীকার করেছে তা না রাখলে তার ওপর মানসিক চাপ তৈরি করতে পারবো।”
নির্বাচনী প্রচারণার কাজ তার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।
এক মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় নামা গৃহিনী মনি রানী বলেন, “আমি কেবল মেয়রের পক্ষে প্রচারণা চালাচ্ছি। কারণ, এই মেয়র প্রার্থী আমার খুবই পছন্দের।”
নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে পারিবারিক বা সামাজিক কোনো বাধা মোকাবেলা করেননি তিনি।
জানতে চাইলে তিনি বলেন, “কে বাধা দিবে? যে কোনো নতুন কাজে কিছু বাধাতো থাকবেই।
তবে এর সঙ্গে মানিয়ে নিতে হয়। কৌশলে সমস্যার সমাধান করে এগিয়ে যেতে হয়।”
আরেক নারী ‘ক্যাম্পেইনার’ হাসিনা আক্তার বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম এই নির্বাচন এ নগরের ভবিষ্যতের অনেক কিছু নির্ধারণ করে দেবে।”
ছয় বছরের সন্তানকে নিয়ে প্রাচারণা চালাচ্ছেন ঢাকায় বড় হওয়া হাসিনা আক্তার। তিনি বলেন, “আমার সন্তানের জন্য ভালো একটি নগর চাই। তাই এখানে এসেছি।”
মরকুন প্রাইমারি স্কুলের সামনে দাড়িয়ে নারী-পুরুষ নির্বিশেষে সবার কাছে ভোট চাইছিলেন রাবেয়া বেগম।
তিনি বলেন, “গত সংসদ নির্বাচনে প্রথম নির্বাচনী প্রচারণায় আসি। এটা দ্বিতীয় নির্বাচন। তবে গতবার কোনো পুরুষের কাছে ভোট চাইনি। এবার পুরুষদের মাঝেও কাজ করেছি। এতে বেশ কিছু সমস্যাও হচ্ছে। আমাদের সমাজটাই এমন। তা বলে বাড়িতে বসে থাকলে তো পরিবর্তন আসবে না।”
কোনো ব্যক্তি এজন্য দোষী সাব্যস্ত হলে তাকে ন্যূনতম ছয় মাস বা অনধিক দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান তিনি।
তবে ভোটের দিন প্রচারকর্মীদের প্রচারণা ও ভোট চাওয়ার বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
