ভোটারদের কণ্ঠে উচ্ছ্বাস
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ভোট দিতে এসে ভোটারদের কণ্ঠে ঝরেছে উচ্ছ্বাস।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি নতুন এই সিটি নিয়ে অনেক আশার কথাও বলেছেন তারা।
শনিবার সাড়ে ৭টার পর থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের জড়ো হতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে।
সকাল ১০টার পর ভোটকেন্দ্রগুলোতে দেখা যায় নারী-পুরুষের উপচে পড়া ভীড়।
রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বেলা ১টা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে তাদের ধারণা।
আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে বড় এই সিটিতে ভোটার সংখ্যা সোয়া ১০ লাখ।
ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার শাহানা সুলতানা বলেন, “অনেকদিন পরে ভোট দিতে আসলাম। আনন্দই লাগছে।”
ভোরেই ঘরের কাজ গুছিয়ে সকাল ৭টায় ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।
সালনা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট দিতে আসা শিল্পী আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট শান্তিপূর্ণ ভাবেই চলছে। কোন সমস্যা নেই।”
এই মাদ্রাসার পুরুষ ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন কৃষি শ্রমিক হাফিজুর রহমান ও রাজমিস্ত্রি মো. মুবারক হোসেন।
ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন তারা।
এ কেন্দ্রেই ভোট দেন ১৮ দল সমর্থিত প্রার্থী এমএ মান্নান।
গাজীপুর সদরের নাওজোর এলাকার আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায়।
আসার সময় কোন বাধার মুখে পড়তে হয়েছে কিনা- জানতে চাইলে রওশন আরা বলেন, “কোথাও কোনো সমস্যা নেই। খুব ভালো ভোট হচ্ছে।”
এ কেন্দ্রের ভোটার গাড়ি চালক কুদ্দুস আলী এবং গার্মেন্টসের মেকানিক মজিবুর মিস্ত্রিও একই কথা জানান।
একই কেন্দ্রে ভোট দিচ্ছেন স্থানীয় বাসিন্দা জাকির হোসেন। তিনি বলেন, “আমার ভোট যাতে অন্য কেউ দিতে না পারে সেজন্য আগেভাগেই কেন্দ্রে চলে এসেছি।”
টঙ্গীর লিটল ফ্লাওয়ার প্রি ক্যাডেট স্কুল কেন্দ্রে ভোট দেন ‘বছর বিশেক’ আগে শেরপুর থেকে টঙ্গীতে আসা বৃদ্ধ আনসার আলী।
তিনি বলেন, “দেশে শান্তি চাই। অশান্তিতে কাজ কাম থাকে না।”
ব্রিটিশরা যখন এই ভূখণ্ড ছেড়ে যায়, তখন আনসারের বয়স ছিল পনের বছর।
“তখন ধানের মন ছিল ৪-৫টাকা। অহন এত দাম, চাইল কিন্নাই কুলায় না।”
আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লা খান এ কেন্দ্রেই ভোট দেন ।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানিয়েছেন, শনিবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ৩৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।চলবে বিকাল ৪টা পর্যন্ত।
শনিবার নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের কারণে বন্ধ রাখা হয়েছে সিটি কর্পোরেশন এলাকার সব পোশাক কারখানা।
