২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমাজোর কাম করতে অইব না?’

নির্বাচন সাধারণ মানুষের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে বলে মনে করেন না অশীতিপর বৃদ্ধ ছিদ্দিক মুন্সী। তারপরও তিনি গাজীপুরের প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের কেন্দ্রে এসেছিলেন ৮টা বাজার আগেই। ভোট দিয়েছেন সমাজের কথা ভেবে।    

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 06:25 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

টঙ্গীর লিটল ফ্লাওয়ার প্রি ক্যাডেট স্কুলে ছিদ্দিক মুন্সীকে দেখে অনেকেই কৌতুহলী হয়ে ওঠেন। প্রার্থীদের কর্মীরাও তাকে বাড়তি খাতির দেখান। 

ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভোট আসে ভোট যায়, আমাগো কি লাভ। এরপরও ভোট দিত আহি।”

ভোট কেন দিতে এসেছেন- এমন প্রশ্নে ছিদ্দিক বলেন, “সমাজো আছি, দিতোইতো অইব। সমাজোর কাম করতে অইব না?  আমার আশা কইরে কী লাভ, কী দিব তারা?”

বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন নিয়ে এক প্রকার হতাশাই ফুটে ওঠে এই বৃদ্ধের কথায়।

এক পর্যায়ে তিনি বলেন, “দেহেন বাবা, আমি আপনার সব কতা বুঝিও না। আপনেরা পড়ালেহা করছেন। আমিতো করতারি নাই। আমার পোলাপানও আপনাগো লাহান শিক্ষিত না। আমি ক্যামনে জীবনের হিসাব কিতাব বুঝুম?

“তারা কেল কয়, রাস্তাঘাট করব, এগুলানতো বড়লোকের লাইগ্যা।এতে আমাগো কাম নাই। আমি আগেও হাইট্টা কামে যাইতাম। অহনও যাই।”

নির্বাচনে চাওয়ার পাওয়ার হিসাব না থাকলেও ৮টা বাজার আগেই নিজের কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান ছিদ্দিক মুন্সী। তার আগে যারা এসেছিলেন, তারা এই বৃদ্ধের জন্য জায়গা ছেড়ে দেন।

এই একই কেন্দ্রে ভোট দেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান। 

গণমাধ্যমের আলোকচিত্রীরা ছিদ্দিকের ছবি তোলার সময় আজমত উল্লার এক সমর্থক এসে প্রার্থীর নির্বাচনী মার্কা ও ছবি সম্বলিত ব্যাজ পরিয়ে দিতে চাইলে তা ফিরিয়ে দেন এই বৃদ্ধ।

তিনি বলেন, “সবাই মার্কা পিন্দায়। আমি কারো মার্কা পিন্দি না। নিজের ভোট নিজে দিমু।”

বয়স জানতে চাইলে বলেন, “কমছে কম আশি হবেই। চৌকিদার ছিলাম। মুজিব সরকারের আমলেও ভোট দিছি।”