২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আবারো হাত-পা বাঁধা লাশ

নিখোঁজের পাঁচদিন পর মুন্সীগঞ্জে এক ট্যাক্সিচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শুক্রবার শ্রীনগর উপজেলার সমসপুরের দোগাছি হেলিপ্যাডে বিপ্লবের (৩৫) লাশ পাওয়া যায়। বিপ্লব শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, গত ছয় মাসে জেলায় ১১টি লাশ উদ্ধার হয়েছে।

শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, গত ১ জুলাই বেবি ট্যাক্সি নিয়ে বের হয়ে নিখোঁজ হন বিপ্লব। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে খুন করে ট্যাক্সিটি ছিনতাই করে এবং লাশটি মাটির নিচে পুতে রেখে যায়।

বিপ্লব নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলে জানান ওসি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, গত ছয় মাসে মুন্সীগঞ্জে ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আড়াই বছরে উদ্ধার হল ৪১ লাশ, যার বেশিরভাগেরই পরিচয় পাওয়া যায়নি।