‘এরশাদ মহাজোটে থাকবেন’
আগামীতে এরশাদ মহাজোটে আরো সম্মানজনক অবস্থানে থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
গাজীপুর সিটি কর্পোরশন নির্বাচনে আজমত উল্লাহ খানকে সমর্থন দেয়ায় তিনি এরশাদকে ধন্যবাদ জানান।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নাসিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকর্মী তাজ উদ্দীন আহম্মেদ ও আহসানউল্লা মাস্টারের স্মৃতিবিজড়িত গাজীপুর সিটি নির্বাচনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আজমত উল্লা খানের জয় হবেই।
সংবাদ সম্মেলনে নাসিম বিএনপির সমালোচনা করে বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি বেশ কয়েকটি নির্বাচনে জয়লাভ করেছে। জয়লাভ করলে সফল, আর হেরে গেলে কারচুপি। বিএনপিকে এই ট্রাডিশন থেকে বের হয়ে আসতে হবে।
ধর্ম নিয়ে যারা মিথ্যাচার করছে গাজীপুরের নির্বাচনে তাদের পতন হবে বলে তিনি মন্তব্য করেন।
রেশমার উদ্ধার অভিযানকে বিতর্কিত করার জন্য বিএনপি বিদেশি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে জাতির সামনে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালিয়েছিল বলেও নাসিম দাবি করেন।
“এছাড়া পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য খালেদা জিয়া জিএসপি সুবিধা বাতিলে যে সুপারিশ করেছিলেন ওয়াশিংটন টাইমস পত্রিকা তা প্রকাশ করে বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে,” বলেন নাসিম।
কিশোরগঞ্জের নির্বাচন নিয়ে বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীরের করা কারচুপির অভিযোগ ভিত্তিহীন দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, ওই আসনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাতবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
ওই কারণেই জনগণ রাষ্ট্রপতির ছেলেকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।
গাজীপুরে সেনাবাহিনী মোতয়েনের বিএনপির দাবি সম্পর্কে তিনি বলেন, “অজুহাত তৈরির জন্য বিএনপি গাজীপুরে সেনাবাহিনী মোতায়েনের দাবি করছে। আমরা মনে করি সেনাবাহিনী ছাড়াই অতীতের নির্বাচনগুলো যেমন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, গাজীপুরেও তাই হবে।”
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
