রামপালে বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন
সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মানববন্ধন করেছে দুটি সংগঠন।
শুক্রবার শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রামপাল উপজেলা কৃষিজমি রক্ষা সংগ্রাম পরিষদ ও আলোর পথযাত্রী নামে দুটি সংগঠন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে কয়েকশ কৃষক তাদের অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে সুন্দরবনের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য হুমকির মুখে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় সবুজ বেষ্টনী।
তারা এ তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কৃষিজমি রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি সুশান্ত দাস, আলোর পথযাত্রীর সমন্বয়ক রায়হান সিদ্দিকী, সদস্য মুসাফির মোর্শেদ এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল।
২০০৯ সালে ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) যৌথভাবে বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারি-কাটাখালী এলাকায় সুন্দরবনের মাত্র সাড়ে নয় কিলোমিটার দূরে দুটি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়।
এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ দুটি বিদ্যুৎ কেন্দ্রের জন্যে এক হাজার ৮৩৪ একর কৃষিজমি অধিগ্রহণ করেছে সরকার।
শুরু থেকেই এ প্রকল্পের বিরোধিতা করে আসছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
তারা এ তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে আগামী ২৪-২৮ সেপ্টেম্বর ঢাকা-রামপাল লাংমার্চ কর্মসূচির ডাক দিয়েছে।
