মুন্সীগঞ্জে আবারো হাতপা বাঁধা লাশ
মুন্সীগঞ্জে আবারো হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার শ্রীনগর উপজেলার সমসপুরের দোগাছি হেলিপ্যাডে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, গত ছয় মাসে জেলায় ১১টি লাশ উদ্ধার হয়েছে।
শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি প্রায় এক মাস আগে এখানে গুম করার চেষ্টা করে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, গত ছয় মাসে মুন্সীগঞ্জে ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আড়াই বছরে উদ্ধার হল ৪১ লাশ, যার বেশিরভাগেরই পরিচয় পাওয়া যায়নি।
