২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ড উপকূলে নিখোঁজ আরো ৩ বাংলাদেশি

থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি ফিশিং ট্রলারের তিন বাংলাদেশিসহ ১১ নাবিক নিখোঁজ রয়েছেন গত বুধবার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 08:34 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

জাহাজ মালিকদের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ক্যাপ্টেন মহীউদ্দিন আবদুল কাদের জানান, এমভি পাইলিন নামের থাইল্যান্ডের পতাকাবাহী ট্রলারটি চট্টগ্রাম বন্দরে আসছিল। একজন বাংলাদেশি মালিক সম্প্রতি ট্রলারটি কিনে নেন।

তবে ট্রলারের বর্তমান মালিকের নাম জানাতে পারেননি আব্দুল কাদের।

তিনি জানান, থাইল্যান্ড থেকে রওনা হওয়ার পর গত ৩ জুলাই ফুকেট উপকূলে বৈরী আবহাওয়া ও প্রবল ঢেউয়ের কবলে পড়ে এমভি পাইলিন।

“তারপর থেকে ট্রলারের ১১ জন নাবিকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে থাই কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।”

এই ১১ জনের মধ্যে ট্রলারের ক্যাপ্টেন খাগড়াছড়ির বাসিন্দা ক্রিপায়ন চাকমাসহ তিনজন বাংলাদেশি রয়েছেন বলে আবদুল কাদের জানান। 

 তবে বাকি দুই বাংলাদেশির নাম তিনি জানাতে পারেননি।

১৭ জন আরোহী নিয়ে ‘এমভি হোপ’ নামে একটি বাংলাদেশি জাহাজ বৃহস্পতিবার ভোরে ফুকেট উপকূলে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে কাত হয়ে যায়।

ওই জাহাজের ছয় নাবিককে উদ্ধার করা গেলেও শুক্রবার দুপুর পর্যন্ত ১১ জনের কোনো খোঁজ মেলেনি।