২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাক্স-ব্যালট কেন্দ্রে কেন্দ্রে

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 07:47 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানান, নগর ভবন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি বিতরণ কেন্দ্র থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়।

৩৯২টি কেন্দ্রের সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্যাড, অমোচনীয় কালিসহ অন্যান্য উপকরণ যার যার কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

সবগুলো কেন্দ্রে সরঞ্জাম বিতরণ শেষ না হওয়া পর্যন্ত এ কাজ চলবে বলে রিটার্নিং কর্মকর্তা জানান।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোট দেবেন ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন ভোটার, যাদের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন পুরুষ এবং ৪ লাখ ৯৯ হাজার ১৬১ নারী।

টঙ্গী ও গাজীপুর পৌরসভাসহ প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গত জানুয়ারিতে গাজীপুর সিটি কর্পোরেশন গঠন করা হয়। এটি দেশের একাদশ সিটি কর্পোরেশন।

৫৭টি সাধারণ ওয়ার্ড ও মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত ১৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি কর্পোরেশনে নির্বিঘ্নে ভোট অনুষ্ঠানে আইন শৃংখলা বাহিনীর ১১ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকছেন।

ক্ষমতাসীন ও বিরোধী দল সমর্থিত দুই প্রার্থীসহ মোট সাতজন গাজীপুর সিটির প্রথম মেয়র হওয়ার লড়াইয়ে আছেন।