প্রধানমন্ত্রী লন্ডনে প্রটোকল পাচ্ছেন: দীপু মনি
যুক্তরাজ্য ও বেলারুশে আট দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। পরে সাড়ে ৩টার দিকে হাসিনা এবং তার সফরসঙ্গীরা পার্ক লেইনের ‘লন্ডন হিলটন’ হোটেলে ওঠেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি লন্ডন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী হিত্রো বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ‘পূর্ণ সরকারি প্রটোকল’ দিয়ে হোটেলের রয়্যাল স্যুটে নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সিকিউরিটি, “প্রটোকল ইত্যাদি সব ব্যবস্থা করেছে ব্রিটিশ সরকার। ব্রিটেনের সাথে আমাদের সম্পর্ক অতীতের তুলনায় আরো বেশি আন্তরিক।”
লন্ডনে পাঁচ দিনের এই সফরে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিয়ে পরবর্তী সংবর্ধনায়ও যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
তার সফরের আগে দেশের কয়েকটি পত্রিকায় এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেন সরকারের পক্ষ থেকে কোনো প্রটোকল বা বিশেষ নিরাপত্তা পাবেন না।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকা থেকে লন্ডন রওনা হন প্রধানমন্ত্রী। তিনি ৮ জুলাই পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এরপর যাবেন বেলারুশ। ১১ জুলাই তার ঢাকা ফেরার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছার পর তাকে হোটেলের সামনে স্বাগত জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির কয়েকশ নেতাকর্মী এ সময় কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করে। এ সময় ব্রিটিশ পুলিশ দুই পক্ষকেই আলাদা করে রাখে।
বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে তার যোগ দেয়ার কথা রয়েছে।
এছাড়া শনিবার সকালে বেলারুশের টেলিভিশনকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার দেবেন।
লন্ডন থেকে সোমবার দুপুরে বেলারুশ রওনা হবেন শেখ হাসিনা। সেদিন সকালেই বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টের সর্বদলীয় দলের সঙ্গে প্রাতরাশ করবেন তিনি।
