২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘ইতিবাচক’ পরিবেশ দেখছে ইসি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

নির্বাচনের দুই দিন আগে আওয়ামী লীগ ও বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিকাল সাড়ে ৪টায় অফিস থেকে বের হওয়ার সময় সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলো প্রার্থীদের সমর্থন দিচ্ছে। তাদের কথাও শুনেছি। বিভিন্ন অভিযোগ এসেছে। তবে গড়পড়তা অভিযোগে পদক্ষেপ নেয়া সম্ভব নয়।”

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচনে অনিয়মের বিভিন্ন অভিযোগ জানান। পাশাপাশি সেনা মোতায়েনের দাবিও জানান তিনি।

Image
গাজীপুরে নির্বাচনের আগে সোমবার প্রার্থীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।

গাজীপুরে নির্বাচনের আগে সোমবার প্রার্থীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।

এ বিষয়ে রকিবউদ্দীন বলেন, “অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।” সেনা মোতায়েনের দাবির বিষয়ে তিনি বলেন, “আইন শৃংখলা পরিস্থিতি ইতিবাচক। অবনতির কোনো শঙ্কা নেই। আমরা সতর্ক। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।”


ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার।