দুর্ঘটনার পর বাস আটকাতে গিয়ে প্রাণ দিলেন পুলিশ সদস্য
সাভারে বাসচাপায় হাইওয়ে পুলিশের এক কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
নিহতরা হলেন- সাভার হাইওয়ে পুলিশের কনস্টেবল সোহরাব হোসেন (৪০) ও রিকশাচালক মিজানুর রহমান (৩০)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নওগাঁগামী রকি পরিবহনের একটি বাস দুপুর ১টার দিকে নবীনগর বাসস্ট্যান্ডে একটি রিকশাচালক মিজানুরকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
গুরুতর আহত সোহরাবকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে এবং রিকশাচালক মিজানুরকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এসআই হাফিজুর জানান, স্থানীয়রা বাসটি আটক করে চালককে পুলিশে দিয়েছে।
এ ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে জানান তিনি।
