২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে রাষ্ট্রপতিপুত্র রেজওয়ানের জয়

কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতির ছেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কিশোরগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 01:40 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

১১৮ কেন্দ্রের সবকটির ফলাফলে নৌকা প্রতীকে রেজওয়ান পেয়েছেন ৯৯ হাজার ৯৩৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম অসীমের ফুটবল পেয়েছে ৫৯ হাজার ২২৪ ভোট।

বুধবার রাত সোয়া ২টার দিকে জেলা শহরে নির্বাচনের প্রধান নিয়ন্ত্রণ কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন বেসরকারিভাবে রেজওয়ানকে বিজয়ী ঘোষণা করেন।

মোট ২ লাখ ৭৭ হাজার ১১৮ জন ভোটারের মধ্যে ৫৭ শতাংশ সংসদে তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন এ নির্বাচনে।

জয়ের পর এক প্রতিক্রিয়ায় ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাওরাঞ্চলে উন্নয়নের যে ধারা তার বাবা (রাষ্ট্রপতি) শুরু করেছিলেন, তা তিনি অব্যাহত রাখবেন।

সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শূন্য ওই আসনে উপনির্বাচন হয়।

অন্যদিকে পরাজিত প্রার্থী মহিতুল ফল প্রত্যাখ্যান করে বলেছেন, ৩১টি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে তার দেড়শ প্রতিনিধি মারধরের শিকার হয়েছেন।

নির্বাচন চলাকালে দুপুরেও তিনি একই অভিযোগ করেন।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”

তারপরও যেসব অভিযোগ এসেছে, তার তদন্তে কিশোরগঞ্জের যুগ্ম জেলা জজ মো. আশরাফুল আলমকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।

বুধবার সকাল ৮টায় আড়াই লাখ ভোটার অধ্যুষিত হাওরের তিন উপজেলার এই আসনে ভোটগ্রহণ শুরু হয়। বড় কোনো গোলোযোগ ছাড়াই একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার ২৪টি ইউনিয়নে ১১৮টি ভোট কেন্দ্রের সবগুলোতেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয় বলে দাবি করেন রিটার্নিং কর্মকর্তা।

সকালে মিঠামইনের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তৌফিক। আর অষ্টগ্রামের মসজিদ জাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের বিদ্রোহী নেতা অসীম।

এ নির্বাচনে ১০৪টি কেন্দ্রকে  ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় ইসি। ভোট কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর ছয় হাজার সদস্য দায়িত্ব পালন করেন।

অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পাঁচ জন করে নির্বাহী হাকিমের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত দিনব্যাপী কাজ করে।

পুরনো খবর:

কিশোরগঞ্জে নির্বাচনে অনিয়মের অভিযোগ