২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনের মতো অনশনে বরিশালের নার্সিং শিক্ষার্থীরা

ছয় দফা দাবিতে বুধবার তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

টানা তিন দিন অনশনে থেকে অসুস্থ হয়েছে পড়েছেন ৩৩ জন শিক্ষার্থী।

এদের মধ্যে ৮ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার সকাল ১০টা থেকে নার্সিং কলেজের সামনে আমরণ অনশন শুরু করেন বরিশাল নার্সিং কলেজের প্রায় তিনশ’ শিক্ষার্থী।

আন্দোলনকারী শিক্ষার্থী জিয়াউর রহমান জানান, দাবি মেনে নেয়া না পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

বরিশাল নার্সিং কলেজের অধ্যক্ষ মিনতী মজুমদার জানান, শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে ৩ দফা মেনে নেয়া সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা বাংলাদেশ নার্সিং সার্ভিসেস (বিএনএস) এর পরিচালকের কার্যালয় থেকে তাদের কাছে পাঠানো হয়েছে।

তবে আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের একজন কানিজ ফাতেমা স্বর্না বলেন, তাদের দাবি মেনে নেয়ার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনও কিছু জানানো হয়নি। বিএনএস কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তিনটি দাবি মেনে নেয়ার কথা বললেও তা স্পষ্ট নয়।

স্বর্না বলেন, মাসিক বৃত্তির টাকা বৃদ্ধির কথা বললেও তা কত টাকা বৃদ্ধি করা হবে তা উল্লেখ নেই। ইন্টার্নশিপ চালুর কথা বলা হলেও কোন ব্যাচ থেকে তা শুরু হবে এ ব্যাপারে চিঠিতে স্পষ্ট করে কিছু বলা নেই।

নার্সিং শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- চার বছর মেয়াদী বিএসসি-ইন-নার্সিং কোর্স শেষে ইন্টার্নশিপ চালু, শিক্ষার্থীদের মাসিক ভাতা সাড়ে ৮শ’ টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার টাকায় উন্নীতকরণ, বিএসসি ইন নার্সিং কোর্স শেষে মাস্টার্স কোর্স চালু করা, বিশেষ বিসিএস এর ব্যবস্থাকরণসহ চাকরির নিয়োগবিধি প্রকাশ, পৃথক সেবা অনুষদ গঠন এবং ক্লিনিক্যাল প্রাকটিসের সময় ইউনিফরমের উপর অ্যাপ্রোন পড়ার অনুমতি প্রদান।