বরিশালে হরতাল শুরুর আগে ভাংচুর, পরে লাপাত্তা
বরিশালে হরতাল শুরুর আগে ভোররাতে কয়েকটি স্থানে হাতবোমা বিস্ফোরণ, বাস ও টেম্পুতে আগুন দিয়ে সটকে পড়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
হরতাল শুরুর পর থেকে সারাদিন নগরীর আর কোথাও তাদের পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি।
বুধবারের হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি নগরজীবনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চলাচল বেড়েছে। খুলেছে অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠান। ব্যাংক, বীমা, অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। নগরজুড়ে র্যাব ও পুলিশের একাধিক টিম টহলে রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, শুধু একটি বাসে অগ্নিসংযোগ করেছে হরতালকারীরা। এছাড়া নগরীতে হরতালের সমর্থনে আর অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে হরতালের কোনো প্রভাব পরেনি বরিশালের লঞ্চ চলাচলে। ভোর থেকে নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো।
তবে স্থানীয় রুটে দুয়েকটি বাস চললেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, আর্থিক ক্ষতির আশঙ্কায় মালিকপক্ষ বাস চলাচল বন্ধ রেখেছে।
