২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে নিত্যপণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ করে দাম বাড়ালে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 07:18 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বুধবার সচিবালয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “লাভ করার উদ্দেশ্য নিয়ে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে দাম করলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।”

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সভায় সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, চাহিদা এমন পর্যায়ে রাখা হবে যেন মূল্য বৃদ্ধির কোনো সুযোগ না থাকে।

তিনি বলেন, আমদানি পণ্য সামগ্রী নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে। মজুদ সরবারহ সন্তোষজনক অবস্থায় আছে।

“পূর্ণাঙ্গ মাত্রায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করে সন্ত্রাসী ও চাঁদবাজী প্রতিরোধ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখা হবে।”

এছাড়া রামজান মাসে এবং বিশেষ করে সেহরি ও ইফতারের সময় বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ঈদকে গত বছরের মতো নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ব্যবসায়ীদের ‘আপত্তির’ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারো দাবির মুখে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় না। প্রয়োজন অনুসারেই আইন মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিফ্রিংয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন।